আরিফুল হকের ইশতেহার ঘোষণা
জলাবদ্ধতা দূরীকরণ, পানীয় জলের সুবিধা ও যানজট সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজারে আরিফুলের প্রধান নির্বাচনী কার্যালয়ে সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান পীর এ ইশতেহার ঘোষণা করেন।
এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, দেড় যুগ ধরে বর্জ্য ব্যবস্থাপনায় ক্রুটি ও অবহেলার কারণে নগরীর অনেক এলাকা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। তিনি মেয়র হলে প্রযুক্তি ব্যবহার করে পচনশীল বর্জ্যকে সম্পদে পরিণত করবেন।
প্রবাসী ও দেশে বসবাসকারী তাদের স্বজনদের ব্যবসা, বিনিয়োগ ও নির্মাণ ক্ষেত্রে যাতে হয়রানির শিকার না হন সেজন্য নগরভবনে প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন করা হবে। সেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস দেয়া হবে বলে উল্লেখ করেন আরিফ।
ইশতেহারের অন্যান্য দফাগুলোর মধ্যে রয়েছে- সাইবার সিটি গড়ে তোলা, শিক্ষা ও উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ইত্যাদি।
স্বাস্থ্যসেবার উন্নয়নে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হবে। বস্তিবাসীর সেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর আশ্বাস দেন আরিফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আবুল কাহের শামীম প্রমুখ।
