শরীয়তপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার হাটুরিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের সময় গুরুতর আহত হন ব্যবসায়ী আলমাস উদ্দিন মৃধা।
সোমবার ভোরে তিনি শরীয়তপুর সদর হাসপাতালে তিনি মারা যান।
আলমাস ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আজহার মৃধার ছেলে। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় ব্যবসা করতেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।
নিহতের ভগ্নিপতি নিজাম সরদার জানান, হাটুরিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জসিম সরদার ও মোশারফ চৌকিদারের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ চলছিল।
“হাটুরিয়া গ্রামের বোনের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাওয়ার সময় আলমাস সেই সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় মোশারফ চৌকিদারের সমর্থকরা তাকে প্রতিপেক্ষর লোক ভেবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।”
আত্মীয়রা তাকে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে পাঠায়। সেখানেই ভোরে আলমাস মারা যান বলে জানান ভগ্নিপতি নিজাম।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
