বাসে অগ্নিসংযোগের চেষ্টা, শিবিরনেতা আটক
নারায়ণগঞ্জে বাসে আগুন দেয়ার সময় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার শহরের চাঁদমারী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল ও তিনটি দিয়াশলাই উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু রাশেদ তমাল ও শিবিরকর্মী বাপ্পী হোসেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তমালের নেতৃত্বে কয়েকজন শিবিরকর্মী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে।
এ সময় টহল পুলিশ ধাওয়া করে এ দুজনকে আটক করে।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে হরতালের আগের রাতে নগরীর চাষাঢ়া এলাকায় দুটি বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর কাদের বলেন, চাষাঢ়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দেলোয়ার, তাহের, কামাল শেখ ও তোফাজ্জল নামের চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হরতালে শহরের দোকানপাট খোলা রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক।
সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও উল্লেখ্যযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। গার্মেন্টসহ নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলছে।
