চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
নগরীর ডিসি হিল এলাকায় সকাল পৌনে ৭টার দিকে শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে দুটি হাতবোমা ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রায় একই সময়ে হালিশহর নয়াবাজার এলাকায়ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
তবে এরপর থেকে নগরীতে হরতাল সমর্থকদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল সমর্থকরা মাঠে না থাকায় নগর জীবন অনেকটাই স্বাভাবিক।”
সকাল থেকে নগরীতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন গাড়িও চলছে।
দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
খোলা রয়েছে ব্যাংক-বীমা ও সরকারি অফিস। তৈরি পোশাক কারখানাগুলোতেও স্বাভাবিক কাজ চলছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) তারেক আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দেখা গেছে।
