পুরান ঢাকায় পাঁচ শিবিরকর্মী গ্রেপ্তার
হরতালে রাজধানীর বাবু বাজারে মিটফোর্ড হাসপাতাল এলাকায় মিছিলের চেষ্টার সময় পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী থাকার ওসি শাহ আলম জানান, শিবিরকর্মীরা সকাল ৯টার পর মিটফোর্ড এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় আবদুল্লাহ আহাদ, আশরাফুল ইসলাম, ইদ্রিস আলী, মাহাবুবুর রহমান এবং মফিজ আলম নামে পাঁচজনকে আটক করা হয়।
এদের মধ্যে প্রথম তিনজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশের কাছে দাবি করেছে।
এদিকে হরতাল শুরুর আগেই ভোর ৪টার দিকে আজিমপুর দুটি ককটেল ফাটানো হয়।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, সকালে সড়কে পুলিশ চেকপোস্ট বসার আগেই হাতবোমা দুটো ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা তাদের জানিয়েছেন।
এছাড়া হরতালের মধ্যে পুরান ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টা হয় বলে শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালে তিন নেতার সাজার প্রতিবাদে জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে।
