সিরাজগঞ্জে জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকেটারদের বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর জামায়াত-পুলিশ সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
সিরাজগঞ্জ জামায়াতের পৌর আমির শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন, আহত ব্যক্তি তাদের কর্মী।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “এক ব্যক্তি আহত হয়েছে বলে আমরা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানতে পারিনি।”
সোমবার সকালে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের বাকুয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছিল জামায়াত-শিবির কর্মীরা।
ওসি হাবিবুল জানান, ১০টার দিকে পুলিশ বাকুয়া এলাকায় গেলে হরতাল সর্মথকরা তাদের লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছোঁড়ে। এতে উল্লাপাড়া থানার এসআই নুরুজ্জামান ও কনস্টেবল আবু সাঈদ আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভোরে সিরাজগঞ্জ-বহুলী আঞ্চলিক সড়কের বটতলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সর্মথকরা।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
সকাল ৭টার দিকে উল্লাপাড়ায় সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের ব্রহ্মকাপালিয়া এলাকায় পিকেটাররা একটি ট্রাক ও একটি অটোরিকশা ভাংচুর করে। সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাতিতে একটি অটোরিকশা ভাংচুর করা হয়।
উল্লাপাড়া-গয়হাট্ট আঞ্চলিক সড়কের চড়–ইমুড়িতে পিকেটাররা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া দুপুর ১২টার দিকে শহরে একটি ঝটিকা মিছিল বের করে শিবির। মিছিলটি শহরের ভিআইপি মোড় থেকে শুরু হয়ে বড় বাজার হয়ে গোসালায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
হরতালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ। তবে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আদালত অবমাননার দায়ে তিন জামায়াত নেতার সাজার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জামায়াত।
এদের মধ্যে তিন মাসের কারাদণ্ড পাওয়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের বাড়ি সিরাজগঞ্জ।
