‘অপসাংবাদিকতার’ ঘুরপাকে উন্নয়ন: আবুল হোসেন
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ‘অপসাংবাদিকতা’ বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন পদ্মা সেতু কেলেঙ্কারি নিয়ে মন্ত্রিত্ব হারানো সৈয়দ আবুল হোসেন।
রোববার সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে এই সংসদ সদস্য বলেন, “কতিপয় পত্রিকার সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, অসত্য ও উদ্দেশ্যমূলক রিপোর্ট এবং ফরমায়েসি লেখা উন্নয়ন কাজ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়চ্ছে।
“টেন্ডারে কেউ কাজ না পেলে পত্রিকার দ্বারস্ত হয়। উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন অপসাংবাদিকতার কাছে ঘুরপাক খাচ্ছে।”
আবুল হোসেন যোগাযোগমন্ত্রী থাকা অবস্থায় বিশ্ব ব্যাংকের মূল অর্থায়নে দেশের বহু প্রতীক্ষিত নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর কাজ শুরু হয়।
কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে অনিচ্ছা জানানোর পর গত বছর আবুল হোসেনকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুর্নীতি দমন কমিশনে যান সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৩, ২০১২
এরপরও টানাপোড়েনের অবসান না ঘটার এক পর্যায়ে সরকার বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে এখন নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুর্নীতির অভিযোগের তীর আবুল হোসেনের দিকে হলেও তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এই প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কানাডার একটি কোম্পানিকে কাজ পাইয়ে দিতে ঘুষে লেনদেনের ষড়যন্ত্র হয়েছিলো বলে দুর্নীতি দমন কমিশন প্রমাণ পেয়েছে। এনিয়ে সাতজনকে আসামি করে মামলাও হয়েছে।
আবুল হোসেন সংসদে বলেন, “আমি যখন যোগাযোগমন্ত্রী ছিলাম, তখন অনেক কাজ করেছি।
“সরকারের প্রকল্প বাস্তবায়নে দুটি অনুষঙ্গ যোগ হয়েছে। একটি হলো- মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে নামে-বেনামে চিঠি। মন্ত্রীদের নামে দাতাদের কাছে বেনামে চিঠি লেখা হয়। আর দ্বিতীয় অনুসঙ্গটি হলো অপসাংবাদিকতা।”
