ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি আইনজীবীদের
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণার দাবিতে আদালত বর্জন করেছেb আইনজীবীরা।
ফাটল দেখা দেয়া তিনতলা ভবনটি গণপূর্ত বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় রোববার তারা এ কর্মসূচি দেন।
সকাল থেকে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য জেলা ও দায়রা জজ আদালতে কোন কার্যক্রমে অংশ নেননি।
আইনজীবী সমিতি গত ৩০ মে জরুরি সভা করে বৃহস্পতিবারের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার সময় বেঁধে দেয়া হয়। আর তা না হলে তারা ৯ জুন রোববার ওই ভবনে বিচার কাজে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত হয়।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার একদিনের জন্য তারা জেলা ও দায়রা জজ আদালত বর্জন করেছেন।
আদালত কর্তৃপক্ষ রোববারের মধ্যে তাদের দাবি মেনে না নেয়ায় ১০ জুন সোমবার সকালে জেলা আইনজীবী সমিতি সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ২৬ মে গণপূর্ত বিভাগ ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে ২ জুন আইনজীবীরা ভবনটি পরিত্যক্ত ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
