২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে প্রার্থিতা বাতিল বেআইনি দাবি 

কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল করাকে বেআইন বলে দাবি করেছেন সৈয়দ মহিদুল ইসলাম অসীম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার এক সংবাদ সম্মেলনে অসীম এ দাবি করেন।

একইদিন এর আগে বাছাইকালে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক এবং জমিয়তে ওলামা ইসলাম দলের খালেদ সাইদুল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়।

মহিদুল ইসলাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিল করবেন বলে জানান।

দুপুরে কিশোরগঞ্জ শহরের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনে মহিদুল বলেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কমিশনের প্রদত্ত নিয়ম মোতাবেক প্রার্থিতার পক্ষে তিনি দুই হাজার আটশ’ ভোটারের পরিচয়সহ স্বাক্ষর জমা দিয়েছেন।

তন্মধ্যে একজন ভোটার ক্রমিক নম্বর ভুল লেখা হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি দাবি করেন, “ভুলটি নজরে আসার পর পরই  তা উল্লেখ করে আমি এবং ওই ভেটার মো. নাছির মিয়া নোটারী পাবলিকের মাধ্যমে পৃথক দুটি এফিডেবিট করে রিটার্নিং অফিসারের কাছে হলফনামা দাখিল করি।”

রোববার মনোনয়নপত্র বাছাইকালে মো. নাছির মিয়া নিজে উপস্থিত হয়ে তার স্বাক্ষরদানের বিষয়টি নিশ্চিত করে ভোটার ক্রমিক নম্বর ভুল হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

“কিন্তু বিষয়টি আমলে না নিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হয় “ বলেন মহিদুল।

বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় একমাত্র বৈধ প্রার্থী রয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ জুলাই। আগামী ১৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্পিকারের পদ ছাড়ার পর তার আসনটি শূন্য হয়।