২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ১৫ জুন থেকে

পুর্নবাসনের ব্যবস্থা রেখে সড়ক-মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার, ভাসমান ও অস্থায়ী দোকান, বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সড়ক-মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিজাতীয় যান চলাচল বন্ধে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভায় রোববার এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আগামী ১৫ জুন থেকে পর্ায়ক্রমে এগুলো উচ্ছেদ করা হবে। দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ।”

কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের দশজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও কমিটির সদস্যরা এ বৈঠকে অংশ নেন।

কাদের বলেন, ভাসমান ও অস্থায়ী দোকান উচ্ছেদের আগে সতর্ক করে মাইকিং করা হবে। সংশ্লিষ্ট জেলা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা এ কাজে সহায়তা করবেন।

“ঢাকা বিভাগে চারটি এবং অন্য বিভাগের দুটি করে মোট ১৬টি বাজার মহাসড়কের ওপর আছে। রোজার আগেই সেগুলো অপসারণ করা হবে।”

মহসড়কে ‘অবৈধভাবে’ বানানো গতিরোধকগুলোও সরানো হবে। এছাড়া রাস্তার ওপর এসে ঝুঁকি সৃষ্টি করা গাছও কাটা পড়বে।

চট্টগ্রাম শহরে অসংখ্য বিলবোর্ড গজিয়ে ওঠার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নগরীর ‘সৌন্দর্য বিনষ্টকারী’ এসব বিলবোর্ড অপসারণ করা হবে। এছাড়া সারা দেশে রাজনৈতিক প্রচারসহ বিভিন্ন বিষয়ে যেসব অবৈধ বিলবোর্ড রয়েছে তাও অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

“বিভিন্নভাবে চেষ্টার পরেও যখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলো না তখনই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনের বছর এসব বিষয় বাস্তবায়ন কঠিন হলেও এ থেকে পিছিয়ে আসার কোনো সম্ভবনা নেই।”

নয়া বাজারের গরুর হাটসহ রাস্তার পাশের সব পশুর হাটের ক্ষেত্রেও এবার ‘জিরো টলারেন্স’ দেখানো হবে যোগোযোগ মন্ত্রী।

কাদের আশা করছেন, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতী সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় এবার ঈদের আগে যানজট কম হবে।

“আমার অনেক অতৃপ্তি, বেদনা আছে। আরো কিছু কাজ করতে পারলে ভালো হতো। তবে সময় কম পেয়েছি। মন্ত্রিসভার এই কমিটি আরো আগে হলে ভাল হতো।”

ওবায়দুল কাদেরকে আহ্ববায়ক করে গত ২৭ মে এই কমিটি গঠন করা হয়। কৃষি, ভূমি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, নৌ, রেলমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই কমিটির সদস্য।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক; ভূমি, স্থানীয় সরকার ও কৃষি সচিব, বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, সওজের প্রধান প্রকৌশলী, বিআরটিসির চেয়ারম্যানকে এই কমিটিতে সহায়তকারী কর্মকর্তা হিসাবে রাখা হয়েছে।

সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন।