২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টা বিদ্যুৎহীন মিরপুর স্টেডিয়াম

বিল না দেয়ায় ছয় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো দেশের ‘হোম অফ ক্রিকেট’ বলে পরিচিত মিরপুর স্টেডিয়াম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুতের লাইন রোববার দুপুরে কেটে দেয় বিদ্যুৎ বিভাগ।

তবে সন্ধ্যা সাড়ে ৬টায় স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ ফিরে আসতে দেখা গেছে। তবে কোন প্রক্রিয়ায় এই সংযোগ ফেরত এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেন্যু প্রশাসক কর্নেল এ কে এম জাকি সাংবাদিকদের বলেন, রোববার দুপুরের দিকে বিদ্যুতের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে যায়।

স্টেডিয়ামের ৮৬টি দোকান, মসজিদ ও ক্রীড়াপল্লী মিলে আট মাসে প্রায় ৮৫ লাখ টাকার বিল বকেয়া পড়েছিল। আলাদা মিটার না থাকায় এ সমস্যা হয়েছে বলে জানান প্রশাসক।

“স্টেডিয়াম মার্কেটসহ পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ একটি মিটার থেকে নেয়া। বিসিবির পক্ষ থেকে বেশ কয়েকবার আলাদা মিটারের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মার্কেটের অনেকগুলো দোকানের বিল বাকি পড়ে আছে।”

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এসব দোকান ভাড়া দিয়েছে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে দুপুরে জানান জাকি।

এ বিষয়ে ওই এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি তাদের কাছে এক কোটি ১০ লাখ টাকার মতো বকেয়া আছে। অনেকগুলো নোটিস দেয়ার পরও বিল পরিশোধ করা হয়নি। তাই আজ লাইন কেটে দেয়া হয়েছে।”

বকেয়া পরিশোধ সাপেক্ষে রোববারই পুনঃসংযোগ দেয়া হবে বলে বিকালে জানিয়েছিলেন তিনি।

“স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। হয়তো আজই পুনসংযোগ দেয়া হবে।”