২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা সমস্যায় ফেনীর বিসিক শিল্পনগরী

দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে রয়েছে ফেনীর চাড়িপুরের বিসিক শিল্পনগরী।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এর অভ্যন্তরীণ নালাগুলো দীর্ঘদিন ধরে ভরাট থাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুজলে ডুবে যায় সড়ক। এছাড়া সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শিল্পনগরীর পয়নিষ্কাশন, পানীয় জলের তীব্র সংকটসহ নানা সংকট বিরাজ করলেও এগুলো দেখার যেন কেউই নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্ধ চেয়েও না পাওয়ার অভিযোগ উঠেছে।

১৯৬২ সালে ফেনী শহরের অদূরে উত্তর চাড়িপুর গ্রামে ২৫ দশমিক ০৪ একর জমির উপর গড়ে ওঠে ফেনী বিসিক শিল্পনগরী।

৫১ বছরের এই শিল্প নগরীতে ৪৪টি শিল্প কারখানার মধ্যে বর্তমানে ৩৮টি উৎপাদনে আছে।

বিসিক কর্তৃপক্ষ ও শিল্প মালিক-শ্রমিকরা জানান, তিনটি কারখানা শুধু গ্যাস সংযোগের অভাবে চালু করা যাচ্ছে না। এছাড়া বাকি তিনটি কারখানা দীর্ঘদিন ধরে রুগ্ন পড়ে থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

শিল্পনগরীর হীরা বিস্কুট অ্যান্ড ব্রেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিক শিল্পনগরীর ছয়টি অভ্যন্তরীণ সড়কের মধ্যে সবকটি সড়ক খানাখন্দে ভরা। এ সড়কগুলো অল্প বৃষ্টিতেই হাঁটুজলে ডুবে যায়। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়ক সংস্কার-মেরামত ও ড্রেনগুলি পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে, বলেন তিনি।

ফেনী বিসিকের ব্যবস্থাপক আজগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২-১৩ অর্থবছরে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার ও মেরামতের জন্য এক কোটি টাকার একটি প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট প্রধান কার্যালয়ে পাঠানো হয়। তবে বরাদ্ধ দেয়া হয় মাত্র পাঁচ লাখ টাকা।

এ টাকা দিয়ে একটি সড়কের সামান্য অংশে কাজ করা হলেও বাকি সড়ক আগের মতোই পড়ে রয়েছে।

তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দেওয়া হচ্ছে। বরাদ্ধ পেলে কাজ শুরু করা হবে।

বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠার পর ৮০ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রীষ্মকালে (ফেব্রুয়ারী থেকে মে মাস) এ নলকূপ থেকে পানি ওঠে না।

শিল্প মালিকরা নিজেদের প্রয়োজনে নিজ নিজ কারখানায় গভীর নলকূপ স্থাপন করে বিসিকের নলকূপের দেওয়া পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

বর্তমানে বিসিক ব্যবস্থাপকের কার্যালয়েও পানি নেই বলে জানান তিনি।

বিসিক ব্যবস্থাপক জানান, বিসিক কর্মকর্তা-কর্মচারীরা পাশের কারখানার নলকূপ থেকে পানি সংগ্রহ করে।

চাড়িপুর বিসিক শিল্পনগরীতে হোসেন অ্যালুমিনিয়াম, মধুমেলা বিস্কুট অ্যান্ড ব্রেড এবং মদিনা ফুড নামে তিনটি কারখানার কর্তৃপক্ষ দুই বছর আগে তাদের সব যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করলেও সরকার গ্যাস সংযোগ না দেওয়ায় উৎপাদনে যেতে পারছে না।

পুঁজি বিনিয়োগ করে এসব কারখানা এখন বিপাকে পড়েছে।