তথ্যমন্ত্রীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণ
জামায়াতের হরতালের আগের দিন রাজধানীর দারুস সালাম এলাকায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি লক্ষ্য করে পর পর কয়েকটি হাতবোমা ফাটানো হয়েছে।
“মন্ত্রীর বাড়ি লক্ষ্য করেই বোমাগুলো নিক্ষেপ করা হয়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।”
কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
এর আগে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন গত ২৮ মে রমনা এলাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাড়ির ভেতরে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।
বোমা বিস্ফোরণের পর তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় মন্ত্রীর বাসভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হলেও কেউ আঘাত পাননি। মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা হামলার সময় বাসার ভেতরেই ছিলেন।
“মন্ত্রী নিজেই বিষয়টি পুলিশের আইজিকে জানিয়েছেন। তার স্ত্রী আফরোজা হক রীনা জানিয়েছেন, কমপক্ষে চারটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।”
দারুস সালাম থানার ওসি জানান, পাঁচতলা ওই ভবনের নিচতলায় মন্ত্রীর ব্যক্তিগত অফিস। পরিবার নিয়ে তিনি থাকেন ওই বাড়ির দোতালায়। আর তৃতীয় তলায় ইনুর বোন এবং চতুর্থ ও পঞ্চম তলায় নিকট আত্মীয়রা থাকেন।
“বাইরে থেকে ছুড়ে মারা হাতবোমাগুলো তিনতলার দেয়ালে এবং জানালায় বিস্ফোরিত হয়েছে। এতে জানালার কাচ ভেঙে গেলেও ঘরের ভেতরে কোনো ক্ষতি হয়নি।”
এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে দলের সভাপতি ইনুর বাড়িতে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মিছিল করেছে জাসদ। বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করেছে দলটি।
এদিকে আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে বুধবার সকালে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর কয়েক ঘণ্টা পর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনালের এই আদেশে তাদের নেতারা ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন।
“সরকারের উদ্দেশ্যই হলো জামায়াত নেতৃবৃন্দকে যেনতেন উপায়ে শাস্তি দিয়ে জামায়াতকে সমূলে উৎপাটন করা”, বলেন তিনি।
জাসদ সভাপতি ইনু সাম্প্রতিক সময়ে জামায়াতের বিভিন্ন নাশকতার ঘটনার পর তথ্যমন্ত্রী হিসাবে সাংবাদিকদের সামনে আসেন এবং সরকারের অবস্থান তুলে ধরেন।
দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর মধ্য দিয়ে জামায়াত-শিবির ‘সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী’ দল হিসেবে ‘আত্মপ্রকাশ করছে’ মন্তব্য করে মন্ত্রী একাধিকবার বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
