২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত নগর গড়ার প্রত্যয়

খুলনার দুই মেয়র পদপ্রার্থী সম্মিলিত নাগরিক কমিটির তালুকদার আব্দুল খালেক এবং নাগরিক উন্নয়ন কমিটির শফিকুল ইসলাম মধু দুর্নীতিমুক্ত নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।  

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার খুলনা প্রেসক্লাবে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

এতে অপর মেয়র পদপ্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন না।

সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নাগরিক ফোরাম, সুজন ও রূপান্তরের সহায়তায় এ মতবিনিময় হয়।

মুক্ত এ সংলাপে ২৬ জন ২৬টি প্রশ্ন করেন। তালুকদার আব্দুল খালেক এবং শফিকুল ইসলাম মধু বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তালুকদার খালেক বলেন, তার দায়িত্ব পালনকালে কোনো ঠিকাদার নিয়মবহির্ভূতভাবে কাজ পায়নি। নিয়মতান্ত্রিকভাবে কাজ পেয়েছেন।

নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়মনীতি অনুসরণ করে চাকরি দেয়া হয়েছিল। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২২নং ওয়ার্ডে ৬ তলা ভবন করা হয়েছে। আরবান হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে নগরীতে একটি ফরমালিনমুক্ত বাজার করা হবে।

এছাড়া নগরবাসীর চিত্তবিনোদন ও খেলাধুলার জন্য মাঠ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুত দেন।

শফিকুল ইসলাম মধু বলেন, নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে। নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

তিনি ফরমালিনমুক্ত শহর গড়ারও আশ্বাস দেন। পরিবেশবান্ধব শহর গড়ে তোলা হবে।

“আমি নির্বাচিত না হলেও নির্বাচিত মেয়রকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করব,” বলেন তিনি।

মুক্ত সংলাপে নির্ধারিত ১০ জন এবং বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে ১৬ জন প্রশ্ন করেন।

সনাকের খুলনা সভাপতি জাফর ইমামের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, আইনজীবী এনায়েত আলী, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির।