প্রবাসী সাংবাদিকদের সমাবেশ নিউ ইয়র্কে
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এক মিলনমেলা হয়েছে নিউ ইয়র্ক শহরে।
শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সমবেত হন সাংবাদিকরা।
এতে নিউইয়র্কের ৩টি প্রেসক্লাবের সব সদস্য-কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের মালিক-সম্পাদক, বাংলাদেশের দৈনিকগুলোর প্রতিনিধি, টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি, বার্তা সংস্থা ও ওয়েবসাইট প্রত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশ থেকে বাংলাদেশের জিডিপিতে ২২ শতাংশ অবদান রাখা প্রবাসীদের জন্যে জাতীয় সংসদে ২৫টি আসন সংরক্ষণের দাবি তোলেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশের উন্নয়নে প্রবাসের মেধা ও অভিজ্ঞতা আরো জোরালোভাবে কাজে লাগানোর লক্ষ্যে এ দাবিতে একমত উপস্থিত সাংবাদিকরা।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাংবাদিক ও এনআরবি ব্যাংকের পরিচালক মঞ্জুরুল ইসলাম এবং দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান।
নাঈমুল ইসলাম বলেন, বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে সমন্বয় হলে দেশের স্বার্থে তাদের নিরলস প্রয়াস আরো সংগঠিত হবে।
এজন্য বাংলাদেশ ও প্রবাসের মধ্যে সমন্বয়ের প্রতি গুরুত্ব দেন তিনি।
সাপ্তাহিক ঠিকানার মালিক এম এম শাহীনের উদ্যোগে এ সমাবেশ সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান।
বর্তমানে নিউ ইয়র্ক থেকে বাংলা ভাষায় ১৪টি সাপ্তাহিক প্রকাশিত হচ্ছে। এছাড়া এখানে বাংলাদেশের প্রায় সবকটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধি অথবা অফিস রয়েছে।
