‘আপা এত কথা বইলেন না, ওরা প্যাঁচাচ্ছে’
তত্ত্ব্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংসদে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বাধা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী।
শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকরা স্পিকারকে বিভিন্ন প্রশ্ন করলে তিনিও সাড়া দেন। কিন্তু সেখানে থাকা সংসদ সদস্য তাতে বাধা দেন।
স্পিকারের পেছনে দাঁড়ানো শাহিদা তারেখ বলতে থাকেন, “শিরীন আপা এত কথা বইলেন না। ওরা (সাংবাদিক) প্যাঁচাচ্ছে।”
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শাহিদা তারেখ এক পর্যায়ে স্পিকারের হাত ধরে একই কথা বললে স্পিকার হাত সরিয়ে দেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন শারমিন গত মাসের স্পিকার হিসেবে শপথ নেন। সংসদে স্পিকারের পদে তিনিই প্রথম নারী।
দায়িত্ব নেয়ার পরপরই শিরীন শারমিন বলেন, তিনি চলমান রাজনৈতিক সঙ্কট কাটাতে দুই দলকে আলোচনায় বসানোর উদ্যোগ নেবেন।
৮৩ দিন অনুপস্থিত থাকার পর যেদিন (গত ৩ জুন) বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেন, সেদিনই স্পিকার হিসেবে অধিবেশন কক্ষে সভাপতিত্ব শুরু করেন শিরীন শারমিন।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিরোধী দল তাদের এই সংক্রান্ত একটি মুলতবি প্রস্তাব প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দল যে আলোচনা চাচ্ছে না, এটা তারই প্রমাণ।
এই বিষয় নিয়েই সোনারগাঁও হোটেলে ওই অনুষ্ঠানে স্পিকারকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
শিরীন শারমিন বলেন, বিরোধী দলের আলোচনার সুযোগ শেষ হয়নি। বাজেট পাসের পর যে কদিন অধিবেশন চলবে তখন বিরোধী দল চাইলেই আলোচনা করতে পারবে।
