সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, মানববন্ধন
সড়ক সংস্কারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে এ অবরোধ ও মানববন্ধনে এলাকার কয়েকশ’ মানুষ অংশ নেন।
এলাকাবাসী জানান, জীবননগর থেকে পেয়ারাতলা পর্যন্ত এক কিলোমিটার এ কাঁচা এ রাস্তা দিয়ে প্রতিদিন খয়েরহুদা, বাকা, লক্ষ্মীপুর, মনোহরপুরসহ ৮/১০টি গ্রামের লোক যাতায়াত করে।
কাঁচা হওয়ায় এ সড়ক দিয়ে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ নানা ধরনের যানবাহ চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধে মহাসড়কের দুপাশে দুই কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।
পরে জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, গ্রামবাসী রাস্তা নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। বরাদ্দ এলে দ্রুত এ রাস্তাটি নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।
