৬ দফা দিবস: বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু তখনকার পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ ৬ দফা দাবিতে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন।
৭ জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ এবং তৎকালীণ সীমান্ত রক্ষী বাহিনীর (ইপিআর) গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন।
এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি।
এ সময় হাজারো কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই দিতে হবে’, ‘মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই’ শ্লোগান শোনা যায়।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় ও সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগরী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
