২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়ন’ নিয়ে কামরান-আরিফুল বাকযুদ্ধ

নির্বাচনী প্রচারে নেমে সিলেট নগরীর উন্নয়ন নিয়ে বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 05:13 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

মহাজোটের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানের দাবি, গত পাঁচ বছরে সিলেট নগরীতে ৫০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে।

অপরদিকে ১৮ দলের প্রার্থী আরিফুল হক চৌধুরী মনে করেন, গত পাঁচ বছরে নগরীতে ‘দৃশ্যমান’ কোনো উন্নয়নই হয়নি।

তার দাবি, বিগত বিএনপি আমলে সিলেটে উন্নয়নের যে ধারা শুরু হয়েছিল, পরে তা আর ধরে রাখতে পারেননি কামরান।

অবশ্য কামরানের অভিযোগ, “আসলে বিএনপি আমলে লোকদেখানো উন্নয়নের নামে কেবল লুটপাট হয়েছে।”

দায়িত্ব পেলে কীভাবে সিলেটের উন্নয়ন করবেন- সেই ফিরিস্তি নিয়ে দুই প্রার্থীই ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।

কামরান তার প্রচারে বলছেন, নগরীর সবচেয়ে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা। ১১ কোটি টাকা ব্যয়ে নগরীর ৭টি ছড়া ও খাল সংস্কার, উদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করায় এখন জলাবদ্ধতা আগের মতো প্রকট নয়।

এছাড়া নগরীতে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পানি শোধনাগার এখন উদ্বোধনের অপেক্ষায়। এ কেন্দ্রটি চালু হলে খাবার পানির সমস্যাও আর থাকবে না বলে ভোটারদের আশা দিচ্ছেন বর্তমান মেয়র। 

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধোপাদিঘীর পাড়ে ৬ তলা বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ৬টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ করার বিষয়টিও নির্বাচনী প্রচারে তুলে ধরছেন কামরান।

আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের যখন কাউন্সিলর ছিলেন, সে সময় সিটি কর্পোরেশন উন্নয়ন সমন্বয় কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। আর সে সময় দেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন বিএনপি নেতা এম. সাইফুর রহমান।

আরিফুল বলেন, সাইফুর রহমানের সময় তিনি যে কাজ করিয়েছিলেন, তার রক্ষণাবেক্ষণেও কামরান ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

প্রচারে আরিফুল বলছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিমানবন্দর-সার্কিট হাউস ভিআইপি সড়ক, সার্কিট হাউস নির্মাণসহ রাস্তাঘাট প্রশস্তকরণ ও উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে। নগরীর সৌন্দর্য্যবর্ধনে সুরমার তীর রক্ষা ও আধুনিকায়ন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোয়ারা নির্মাণসহ প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন হয়েছিল সে সময়।

আগামী ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ রয়েছে।

এ নির্বাচনের তৃতীয় প্রার্থী যুবদল কর্মী সালাহ উদ্দিন রিমন লড়বেন তালা প্রতীক নিয়ে। তবে কামরানের আনারস ও আরিফুলের টেলিভিশনের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।