জুবায়ের হত্যা: ফের পেছাল অভিযোগ গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার বিচার শুরুর তারিখ আরেক দফা পিছিয়ে ৪ জুলাই ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার আসামি পক্ষের চাওয়া শুনানি মুলতবির আবেদন মঞ্জুর করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ দিন রাখেন।
আসামিদের আইনজীবীরা তাদের জ্যেষ্ঠ ও প্রধান আইনজীবী ফজলে রাব্বি আদালতে নেই জানিয়ে শুনানির জন্য সময় চান।
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনন্দ চন্দ্র বিশ্বাস তাদের সময় আবেদনের বিরুদ্ধে কোন জোড়ালো আপত্তি তোলেননি।
JU expels 7 over Zubair murder
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় জাহাঙ্গীরনগরের সাবেক রেজিস্টার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।
দেড় বছর আগের এ হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামিরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম,অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।
এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম ব্যাচের ছাত্র, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মী। উচ্চ আদালত থেকে তারা সবাই জামিন নিয়েছেন।
২০১২ সালের ৮ এপ্রিল জাহাঙ্গীরনগরের এই ১৩ ছাত্রের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ এ অভিযোগপত্র আমলে নেন গত ১২ মে।
মামলার তদন্ত কর্মকর্তা হলেন আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ। বর্তমানে তিনি ডিবির পরিদর্শক হিসেবে কর্মরত।
এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেনের কাছে স্বীকারোক্তি দেন মামলার আসামি মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু।
