২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা থেকে ওয়েস্টিনে রেশমা

সাভারের ভবন ধসের ১৭ দিনের মাথায় উদ্ধার হওয়া গার্মেন্ট শ্রমিক রেশমা বেগমকে ‘পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর’ পদে নিয়োগ দিয়েছে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 12:27 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

শনিবার ওয়েস্টিনের চেয়ারপার্সন সেলিনা আলী আনুষ্ঠানিকভাবে রেশমার হাতে নিয়োগপত্র তুলে দেন।

গত ২৪ এপ্রিল সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নয় তলা রানা প্লাজা ধসে ১ হাজার ১শ ৩০ জন নিহত হয়।

ভবন ধসের ১৭ দিনের মাথায় গত ১০ এপ্রিল বিকালে রেশমাকে এই ধ্বংসস্তূপের ভিতর ধেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়েই সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অলৌকিক ঘটনার পর রেশমাকে ‘বিস্ময়কন্যা’ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমগুলো।

নিয়োগপত্র তুলে দেয়ার আগে ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী বলেন, “আমি টেলিভিশনে একদিন শুনলাম রেশমা বলছে যে সে আর সেলাই কারখানায় কাজ করতে চায় না। তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তার জন্য এই হোটেলে একটা কাজের ব্যবস্থা করবো।”

 “রেশমা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে শত প্রতিকূলতার ভিতর থেকেও কীভাবে বাঁচতে হয়।”

এদিকে নতুন কাজ পেয়ে আপ্লুত রেশমা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “খুব ভাল লাগতেছে। অনেক ভাল লাগতেছে।”

নিয়োগপত্র হাতে পেলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় কয়েকদিন পর তিনি কাজে যোগ দেবেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

রেশমার বাবার নাম আনসার আলী। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাঠিগাতি এলাকায় তাদের বাড়ি।

নিয়োগপত্র তুলে দেয়ার অনুষ্ঠানে রেশমার দুই ভাই জাহেদুল, সাদেকুল এবং বোন আসমা উপস্থিত ছিলেন। বোনের নতুন কর্মস্থলে যোগ দেয়ার প্রসঙ্গে বড় ভাই জাহেদুল বলেন, “খুশি লাগতেছে। আনন্দ লাগতেছে যে কারখানার কাজে আর বোনরে ফিরতে হইবো না।”

রেশমার চেয়ে দীর্ঘ সময় ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুই জনের। এর মধ্যে একজন পাকিস্তানের নাকাশা বিবি। যিনি পঁচা খাবার আর পানি খেয়ে বেঁচে ছিলেন ৬৩ দিন। অন্যজন হাইতির ইভান্স মোনসিজনাক। ২৭ দিন পর ধ্বংসস্তুপের নিচে থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

১০ মে বিকাল চারটা ২৬ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে রেশমা বেগমকে জীবিত উদ্ধারের ঘটনাটি বিবিসি, সিএনএন, রয়টার্স, টেলিগ্রাফ, গার্ডিয়ানসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়।