‘বিরক্ত’ যোগাযোগমন্ত্রী
ঢাকার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ফেসবুকে একের পর এক অভিযোগ আসায় বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মিরপুর থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়কের ভাঙা-চোরা অবস্থা নিয়ে মন্ত্রীর ফেসবুকে সব সময় অভিযোগ আসছে। অথচ এসব সড়ক মেরামতের দায়িত্বে থাকা স্থানীয় সরকার কর্তৃপক্ষের টনক না নড়ায় এ বিরক্তির কথা জানান তিনি।
বৃহস্পতিবার নগরভবনে এক সভায় যোগাযোগমন্ত্রী বলেন, “ঢাকার রাস্তা ভাঙা-চোরা এবং এর বেহাল দশার কমপ্লেইন আসছে সব সময়। এতে আমি বিরক্ত হয়ে পড়েছি।”
রাজধানীর সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে তিনি বলেন, “সারা বছর তারা নিদ্রায় থাকে, আর বর্ষার সময় এদের খোঁড়াখুঁড়ি শুরু হয়।”
বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকারের মন্ত্রী হিসেবে এ দায় আমি অস্বীকার করতে পারি না।”
মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন রাস্তা দ্রুত মেরামতের জন্যও আহ্বান জানান তিনি।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চলাচল এবং রাজধানীতে তাদের ফিরে আসা নির্বিঘ্ন করতে মহানগরী থেকে বেরোনোর এবং এর প্রবেশ মুখসহ যে সব স্থানে যানজট সৃষ্টি হয় সে সব জায়গায় যানজট নিরসনে প্রস্তুতি ও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ঢাকা জেলার যে সব স্থানে যানজট হয় সেগুলো আগে থেকে চিহ্নিত করে যানজট নিরসনে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে যাত্রাবাড়ী মোড়ের যানজট এড়িয়ে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রুটের যাত্রীদের নিবির্ঘ্ন চলাচলের জন্য টঙ্গী-কাঞ্চন-মদনপুর সড়ক, টঙ্গী –ঘোড়াশাল- পাঁচদোনা সড়ক এবং পোস্তগোলা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সতর্ক করে তিনি বলেন, “কিছু প্রকৌশলী টাকা ছাড়া কিছুই বোঝেন না, জনদুর্ভোগের দিকে না তাকিয়ে শুধু পকেটের দিকে তাকান। এসব প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, বিস্তারিত নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকিতে পরামর্শক নিয়োগের প্রস্তাব মূল্যায়নের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য তা পাঠানো হবে।
সভায় সড়ক বিভাগ সচিব এমএএন সিদ্দিক, রেল সচিব আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
