কিশোরগঞ্জ উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কিশোরগঞ্জ -৪ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা সদরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে রেজওয়ান আহাম্মদ তৌফিক মনোনয়নপত্র জমা দেন।
এরপর বেলা ৩টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম অসীম মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া জমিয়তে উলামা প্রার্থী খালেদ সাইদুল্লাহ মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৯ জুন মনোনয়নপত্র বাছাই, ১৭ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ৩ জুলাই ভোটগ্রহণ হবে।
এ আসনের সাংসদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি খালি হয়।
মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজওয়ান আহমেদ তৌফিক সাংবাদিকদের বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে দলের নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পিতার (রাষ্ট্রপতির) অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করে যাব। আমি এ জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
সৈয়দ মহিদুল ইসলাম অসীম বলেন, এলাকার মানুষ নেতৃত্বের পরিবর্তন চাচ্ছে, তাই আমি জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেকোন পরিস্থিতিতে আমি নির্বাচন করবো।
তিনটি হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত সংসদীয় আসনে ১১৮টি কেন্দ্রে গ্রহণ হবে। এ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন ।
