খুলনায় শিশুদের মুখোমুখি দুই মেয়র প্রার্থী
নগরীকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও শফিকুল ইসলাম মধু|
খেলাধুলা ও বিনোদনসহ শিশু অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে শিশুদের মুখোমুখি অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থী এ অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সিএসএস আভা সেন্টারে এ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মো. মনিরুজ্জামান মনির উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
মহানগরীকে একটি শিশু বান্ধবনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ), মানবসেবা সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস), বাংলাদেশ শিশু একাডেমী ও ওয়ার্ল্ড ভিশন ।
ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্সের সভাপতি মাশরাফি মুহাম্মদ অর্কের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ শিশু দুই মেয়র প্রার্থীকে ১১টি প্রশ্ন করে।
শিশুদের প্রশ্নের জবাবে মহাজোটের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, “শিশুরা এ নগরীর সন্তান। তাদের উন্নয়নে সবসময় আন্তরিক ছিলাম, পুনরায় নির্বাচিত হলে নগরীকে শিশুবান্ধব নগর হিসেবে গড়ে তুলবো।”
শফিকুল ইসলাম মধু বলেন, “আমিও একদিন শিশু ছিলাম। শিশুরা আজ চিত্তবিনোদন থেকে বঞ্চিত। নগরীতে খেলার জন্য পর্যাপ্ত পার্ক বা মাঠ নেই। আমি নির্বাচিত হলে কর্পোরেশনের আয় বৃদ্ধি করে খেলার মাঠসহ খুলনা সিটিকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলবো।”
এ সময় দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা স¤পাদক বেগম ফেরদৌসী আলী, অধ্যক্ষ জাফর ইমাম, নাগরিক নেতা শেখ আব্দুল কাইয়ুম, শিশু একাডেমীর জেলা সংগঠক আসুমা খাতুন, আইনজীবী মোমিনুল ইসলাম, উন্নয়ন কর্মী শামীমা সুলতানা শিলু, সিলভি হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
