ময়মনসিংহে হরতালে ভাংচুর, অগ্নিসংযোগ
মিছিল, ভাংচুর ও অগ্নিসংযোগে মধ্য দিয়ে ময়মনসিংহে চলেছে বিএনপির ডাকা আধাবেলা হরতাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলা কার্যালয়ের সমানে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। মিছিলটি নতুন বাজার মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারওয়ার জানান, এ সময় শহর বিএনপির সহসভাপতি জিল্লুর রহমানকে আটক করা হয়।
এছাড়া সকালে গৌরীপুর ও তারাকান্দা উপজেলা থেকে বিএনপির আরো ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে শহরের ধোপাখলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জাতীয়তাবাদী মহিলা দল।
প্রায় একই সময়ে শহরের চরপাড়া ও সানকিপাড়া এলাকায় একটি টেম্পো ও কয়েকটি অটো রিকশা ভাংচুর করে সেগুলোতে আগুন দেয় হরতালকারীরা।
সকালে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
মানবন্ধন করতে না দেয়ার অভিযোগে বুধবার আধাবেলার এই হরতাল ডাকে জেলা বিএনপি।
বুধবার একইস্থানে বিএনপি ও যুবলীগ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়ার পর ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও ভালুকা উপজেলায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
সন্ধ্যায় প্রশাসনের ওই ঘোষণার প্রতিবাদে রাতে জেলা বিএনপি এই হরতাল ডাকে।
