২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পুলিশ ও বিজিবির বিরুদ্ধে হত্যা মামলা

ঠাকুরগাঁওয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও সংঘর্ষের সময় নিহতের ঘটনায় বুধবার পুলিশ ও বিজিবির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

গত ২৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় নিহত দুলালের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বিচারক তারিকুল ইসলাম সদর থানার ওসিকে মামলাটি এজাহারভূক্ত করে তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন।

মামলায় এসআই আবু রায়হান, এসআই জাহাঙ্গীর, এসআই আবদুল মালেক, এসআই রঞ্জু আহমেদ, এএসআই নুরুন্নবী, বিজিবির সুবেদার হাফিজুরর রহমানসহ ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ পুলিশ ও বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।

সদর থানার ওসি রেজাউল করিম জানান, তিনি আদালতের আদেশের কথা জেনেছেন, তবে এখনো কাগজপত্র হাতে আসেনি।

কাগজপত্র হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেয়। এ রায় প্রত্যাখ্যান করে জামায়াত-শিবির সারাদেশে লাগাতার তা-ব চালায়। এতে সাত পুলিশসদস্যসহ ৬৭ নিহত হন।

ঠাকুরগাঁও সদরের গড়েয়ায় সংঘর্ষের ঘটনায় ছয় জন নিহত হন। দুলাল ২৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে ৫ মার্চ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।