২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক ছাত্রলীগ নেতার মামলায় শিবিরের ১০ জন আটক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের নেতার করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকালে নগরীর চকবাজার এলাকার ছাত্রশিবির পরিচালিত প্রবাহ ও রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয় বলে চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরের নেতা শরিফুল ইসলামসহ ১০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গত শনিবার নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালের পাশে চমেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইন্টার্ণ চিকিৎসক সোহেল পারভেজ সুমনের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় চমেক শাখা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আব্দুল্লাহ ও সেক্রেটারী আজিজ আবদুল্লাহ নাবিলসহ শিবিরের কয়েকজনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন সুমন।

এর আগে ২৫ মে চমেক শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অভি আফসার এবং ২১ মে সহ-সভাপতি রাজিব সাহার ওপর হামলা হয়। এই দুই ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

ওই সকল মামলায়ও আটক ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।