নীলফামারীতে সরকারিভাবে বোরো ধান কেনা শুরু
নীলফামারীতে সরকারিভাবে বোরো ধান-চাল কেনা শুরু হয়েছে।
বুধবার দুপুরে নীলফামারী সদর খাদ্য গুদামে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক।
উদ্বোধনের সময় পাঁচ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানায়, চলতি ইরি বোরো মৌসুমে নীলফামারী জেলায় ১৬ হাজার ৯৩৯ মেট্রিক টন চাল ও দুই হাজার ৫৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংগ্রহ অভিযান সফল করতে ইতোমধ্যে ৫৬৩ জন চাতাল মালিক খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
নীলফামারী সদরে চার হাজার ৩৪৯ টন, সৈয়দপুরে দুই হাজার ১৭০ টন, ডোমারে তিন হাজার ৯৪৭ টন, জলঢাকায় তিন হাজার ২৭৮ টন, ডিমলায় দুই হাজার ৬২৭ টন ও কিশোরীগঞ্জে ৫৬৮ মেট্রিক টন চালের পাশাপাশি নীলফামারী সদরে ৭২৭ টন, সৈয়দপুরে ২১৩ টন, ডোমারে ৪০৪ টন, জলঢাকায় ৪৪৭ টন, ডিমলায় ৪২৬ টন ও কিশোরগঞ্জে ৩৩৭ মেট্রিক টন সিদ্ধ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা করা হয়েছে।
প্রতি কেজি ধান ১৮ টাকা পঞ্চাশ পয়সা, চাল ২৯ টাকা ও আতপ চাল ২৮ টাকা দরে কেনা হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
