আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে
নাটোরের বড়াইগ্রামে নির্বাহী হাকিমের কার্যালয় থেকে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতার বিরুদ্ধে।
পুলিশের অভিযোগ, বুধবার সকালে নির্বাহী হাকিম সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত থেকে এক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তিন ফেনসিডিল ব্যববসায়ীকে ছিনিয়ে নেন আতা।
এ সময় তার সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমানসহ শতাধিক যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী ছিলেন।
বনপাড়া পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও ফেনসিডিল বিক্রেতা আবুল হাশেমসহ তিনজনকে আটক করে বনপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার সকালে এএসআই আব্দুল খালেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের জন্য তাদেরকে বড়াইগ্রামের নির্বাহী হাকিম সারওয়ার আলমের কার্যালয়ে হাজির করেন।
“এ সময় আতা সেখানে উপস্থিত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারপিট করেন এবং আসামিদের ছিনিয়ে নিয়ে যান।”
এএসআই আব্দুল খালেক জানান, পরে তারা উল্টো পুলিশের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের আটক করা নিয়ে সরকারদলীয় লোকজনের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।
ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।
বড়াইগ্রামের নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, “আমার অফিসে আসামিদের নিয়ে আসলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে আমার সামনে কোন ঘটনা ঘটেনি।”
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা ঘটনা অস্বীকার করে বলেন, হৈ চৈ শুনে আমি পরে সেখানে গিয়েছিলাম। আমি কোন আসামি ছিনিয়ে নেইনি, পুলিশও পিটাইনি।
