ফেনীতে গৃহকর্মীর লাশ উদ্ধার
ফেনী শহরে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে একাডেমী এলাকার শিবলু সড়কের একটি বাড়িতে মোসাম্মত সুমির (১৩) লাশ পাওয়া যায়।
সুমি ব্রাহ্মণবাড়িয়া জেলার গরাই থানার সিলিপুর গ্রামের ধন মিয়ার মেয়ে। সে একাডেমী এলাকার শিবলু সড়কের ফাতেমা নুর ম্যানশানে বাহারাইন প্রবাসী বাবরের বাড়িতে কাজ করত।
ফাতেমা নুর ম্যানশানের বাসিন্দারা অভিযোগ করেছেন, সুমিকে প্রায়ই নির্যাতন করতো ওই বাড়ির লোকজন।
ফেনী মডেল থানার এসআই ইকবাল বাহার চৌধুরী জানান, ভোরে সুমিকে সিলিং ফ্যানে ঝুলতে দেখে ঘরের লোকজন। সেখান থেকে নামানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
