মেয়াদ শেষেও কেন পদে, নোটিস দুদক চেয়ারম্যানকে
মেয়াদ শেষের পরও পদে থাকার ভিত্তি জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মির্জা আল মাহমুদ বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিস পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তার বক্তব্য, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ গত মে মাসেই অতিক্রান্ত হয়েছে।
গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ হয় ২০০৯ সালের ২৯ এপ্রিল। আর তা কার্যকর হয় ওই বছরের ২ মে।
মির্জা মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের ৬(৩) ধারা অনুসারে চেয়ারম্যান নিয়োগ থেকে চার বছর পদে থাকবেন।
“কিন্তু বর্তমান চেয়ারম্যান গত ১ মে তার চার বছর মেয়াদ অতিক্রম করে ফেলেছেন। এরপর তিনি পদে থাকতে পারেন না।”
এই কারণেই এই নোটিস দেয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জা মাহমুদ।
নোটিসে গোলাম রহমানকে বলা হয়েছে, “আপনি কোন কর্তৃত্ববলে দুদকের চেয়ারম্যান পদে আছেন, তা নোটিস প্রেরণের দুই দিনের মধ্যে আমাদেরকে জানান। নয়তো এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
