পানিতে ‘বিষক্রিয়া’, হাসপাতালে ৩০০ শ্রমিক
ঘন ঘন বমি ও পেটের পীড়ার মতো উপসর্গ দেখা দেয়ায় গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলার সিভিল সার্জন বলছেন, কারখানার পানি খেয়েই শ্রমিকরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
কারখানার পানির ট্যাংকে ‘বিষাক্ত কিছু’ মেশানো হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
শিল্প পুলিশের উপপরিদর্শক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ভোগড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট স্যুয়েটার কারখানায় সকাল ৮টায় কাজ শুরু হওয়ার দুই ঘণ্টার মাথায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।
এক পর্যায়ে অনেকের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়লে তাদের গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী হাসপাতল ও আশেপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
সব মিলিয়ে তিন শতাধিক শ্রমিককে দুপুর পর্যন্ত হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে সদর হাসপাতালেই দুইশরও বেশি শ্রমিক ভর্তি হয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আসা রোগীরা ঘন ঘন বমি করে নিস্তেজ হয়ে পড়ছিলেন। কারো কারো মধ্যে পেটের পীড়ার মতো উপসর্গও দেখা গেছে।
তবে বর্তমানে রোগীদের অবস্থার উন্নতির দিকে বলে জানান তিনি।
কয়েকজনের বেশ কয়েকবার বমি হয়। পরে অন্যান্য ফ্লোরেও অনেকের মধ্যে এ সমস্যা দেখা দেয়।
শ্রমিকরা জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা কারখানার পানি পান করতে নিষেধ করেন। পরে শ্রমিকদের হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
জেলার সিভিল সার্জন সৈয়দ হাবিবুল্লাহর ধারণা, কারখানার পানির কারণেই রোগীরা অসুস্থ হয়ে পড়েছেন।
বিষয়টি খতিয়ে দেখতে সদর হাসপাতালের একজন চিকিসক কারখানায় গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এনেছেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসছেন। তারা বিষয়টি পরীক্ষা করে দেখবে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনার পেছনে ‘নাশকতা’ থাকতে পারে বলেও সন্দেহ করছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি নাশকতামূলক। কেউ পানির ট্যাংকে বিষাক্ত কিছু মিশিয়ে থাকতে পারে।”
ইতোমধ্যে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওই কারখানার আশেপাশে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
