২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিক ফলনেও মলিন কৃষকের মুখ

উৎপাদনমূল্যের চেয়ে বাজারমূল্য কম হওয়ায় ব্যাপক ফলনেও হতাশ ফেনীর বোরোচাষিরা। 

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 08:54 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো চাষে।

কিন্তু কৃষকরা বলছেন, প্রতিমণ ধান উৎপাদনে খরচ পড়েছে ছয়শ’ টাকার বেশি। অথচ বর্তমান বাজারমূল্য মাত্র পাঁচশ’ টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুনীল চন্দ্র ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে জেলায় ২৯ হাজার ৭২৭ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়।

এরমধ্যে সদর উপজেলায় রয়েছে নয় হাজার ৪৬৬ হেক্টর, ছাগলনাইয়ায় ছয় হাজার ১৩২ হেক্টর, ফুলগাজীতে চার হাজার ২২২ হেক্টর, পরশুরামে তিন হাজার ৭০৭ হেক্টর, দাগনভূঁঞায় পাঁচ হাজার ৪০০ হেক্টর এবং সোনাগাজীতে ৮০০ হেক্টর।

এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ১৭ হাজার ৬৭০ মেট্রিক টন। ভাল আবহাওয়া এবং ঠিকমত পানি, সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার জমিতে বাম্পার ফলন হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

ফুলগাজীর মুন্সিরহাট এলাকার কৃষক সফিউল্লাহ জানান, তিনি দুই একর জমিতে বোরো আবাদ করেছেন। তিন বেলা খাওয়া ছাড়াও ধান কাটার একজন দিনমজুরকে নগদ চারশ’ টাকা দিতে হয়।

নিজের পরিশ্রম বাদ দিয়ে প্রতিমণ ধানের উৎপাদন খরচ পড়েছে ছয় শত টাকার উপর।

অথচ বাজারে প্রতিমণ (৪০ কেজি) ধান বিক্রি হচ্ছে পাঁচশ’ টাকা করে।

তিনি বলেন, সরকারিভাবে এখনো ধান কেনা শুরু হয়নি। শুরু হলে কর্মকর্তারা নানা অজুহাত দেখিয়ে কৃষকদের ধান ক্রয় করতে আগ্রহী হবে না।

সদরের কাতালিয়া গ্রামের কৃষক নুরনবী জানান, তাদের এলাকায় একজন ধান কাটার দিনমজুরকে দুই বেলা খাওয়া ও নগদ ৪৫০ টাকা দিতে হয়।

বাজারে ধানের দাম কম হওয়ায় মূলধনও তোলা সম্ভব হবে না, বলেন তিনি।