‘রিজভী-শাহজাহান-জাহিদকে হয়রানি নয়’
যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির তিন নেতাকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে শাহজাহানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
জাহিদের পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং রিজভীর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন আদালতে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের একটি মামলায় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি শাহজাহানকে গত ১১ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালত এই সাবেক সংসদ সদস্যকে জামিন দেয়। গত ২১ মে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই অন্য মামলায় তাকে আবারো গ্রেপ্তার করে পুলিশ।
রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজাহানকে আগেও এভাবে জেলগেইট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
“এখন তিনি জামিনে রয়েছেন। ভবিষ্যতে যাতে তাকে আবার এভাবে গ্রেপ্তার করা না হয়, সেজন্য নির্দেশনা চেয়ে গত রোববার আমরা হাই কোর্টে রিট করি। ওই রিটের শুনানি করে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হয়রানি বা গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত এ বিষয়ে রুলও দিয়েছে।”
জাহিদের আইনজীবী বদরুদ্দোজা বাদল জানান, এই ড্যাব নেতা বর্তমানে একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। বৃহস্পতিবার নিম্ন আদালতে তার জামিন শুনানির দিন রয়েছে। সেখান থেকে জামিন পেলে তিনি হয়রানি না করার এই আদেশের সুফল পাবেন।
আর রিজভী বিএনপি কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধারের মামলায় গত ৩ জুন হাই কোর্ট থেকে জামিন পান।
তার আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, হাই কোর্টের ওই আদেশের অনুলিপি পৌঁছালেই রিজভীর মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।
“এরপরও তাকে জেল গেট থেকে গ্রেপ্তার করা হতে পারে- এমন আশঙ্কায় আমরা এই আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।”
