শুধু এক প্রার্থীর করের তথ্য আছে
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে শুধু নাগরিক কমিটির এএইচএম খায়রুজ্জামান লিটনের আয়করের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও সচেতন নাগরিক সমাজের হাবিবুর রহমানের আয়কর সংক্রান্ত কোনো তথ্য তাদের নির্বাচনী হলফনামায় পাওয়া যায়নি বলেও জানায় সংগঠনটি।
মঙ্গলবার নগরীর সাফাওয়াং কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সমন্বয়য়কারী দিলীপ কুমার সরকার, লোকমোর্চার প্রতিনিধি জালাল উদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এখানে জানানো হয়, মেয়র পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে দুইজনের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে। খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অতীতে মামলা থাকলেও বর্তমানে নেই। নাগরিক ফোরামের প্রার্থী বুলবুল এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে এখন রয়েছে।
খায়রুজ্জামান লিটনের মোট সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি টাকা (১,৯৪,২৯,১৯৮ টাকা), মোসাদ্দেক হোসেন বুলবুলের ১৬ লাখ ১২ হাজার ১৫৫ টাকা এবং হাবিবুর রহমানের ৪৩ লাখ ৮৫ হাজার ০০০ টাকা।
