পোশাক খাতে সহায়তা দিতে আগ্রহী নরওয়ে
বাংলাদেশের পোশাক খাতের মানোন্নয়ন এবং কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে নরওয়ে।
বাংলাদেশ সফররত নরওয়ের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী হেইকি এইডসভল হোলমাস মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই আগ্রহের কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নরওয়ের মন্ত্রী ‘জলবায়ু ইস্যুতে’ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং এ বিষয়ে ঢাকা-অসলো সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেস্টনি, খাদ্য নিরাপত্তা, আইসিটি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন নরওয়ের মন্ত্রী।
নরওয়ে ২০০২ সাল থেকে জিএসপির আওতায় বাংলাদেশি পণ্যে কোটা ও শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসায় নরওয়ে সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তবে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, নরওয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন, খণিজ সম্পদ আহরণ, ওষুধ, পর্যটন, টেলিযোগাযোগ, চামড়া ও কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ও প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সক্ষমতা বৃদ্ধির জন্যও নরওয়ের সহায়তা চান তিনি।
অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে নরওয়ের অ্যাম্বাসেডর র্যাগনে বার্টি লুন্ড এ সময় উপস্থিত ছিলেন।
