২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে সোমবার অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

অভিযান চলাকালে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

সদর, পলাশ ও রায়পুরা উপজেলায় এ অভিযানে উদ্ধার করা হয় দুইটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, তিনটি রামদা, ২৫ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার মদ ও ৯৬ ক্যান বিয়ার।

গ্রেপ্তার চারজনের তিনজন হলেন তাজুল ইসলাম (৪৫), বিল্লাল হোসেন (৩৩) ও আক্তার হোসেন (৩৮)। একজনের নাম জানা যায়নি।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, সোমবার রাতে মাধবদী পৌর এলাকার টাটাপাড়া থেকে এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তলসহ তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে পলাশ বাজার এলাকা থেকে সাত রাউন্ড গুলি, চীনের তৈরী একটি পিস্তলসহ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকালে রায়পুরার তুলাতুলি গ্রামের ‘সন্ত্রাসী’ আক্তার হোসেনকে একটি কাটা রাইফেলসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, সদর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার মদ, ৯৬ ক্যান বিয়ার ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক মামলা দায়ের করা হয়েছে।