২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আকরিক লোহার সঙ্গে মিলেছে চুনাপাথরও

দিনাজপুরের হাকিমপুর উপজেলার দেশের প্রথম লোহার খনির (ম্যাগনেটিক মিনারেল) সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর-(জিএসবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

হাকিমপুর উপজেলার মশিদপুর গ্রামের ভূ-গর্ভের চারটি স্তরে ১-৩ ফুট পুরুত্বে এ লোহার অবস্থান নিশ্চিত করা হয়েছে। সেখানে উন্নতমানের চুনাপাথরও রয়েছে, যাকে ব্যতিক্রমী ঘটনা বলছে প্রকৌশলীরা। 

ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারি পরিচালক (ভূতত্ত্ব) মো. নুরুজ্জামান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মশিদপুর গ্রামের দুই বর্গকিলোমিটার এলাকায় কূপ খনন করে এ লৌহ আকরিকের (ম্যাগনেটিক মিনারেল) সন্ধান পাওয়া গেছে।

“এসব লৌহ আকরিকে ১০ থেকে ২০ ভাগ ম্যাগনেট (চুম্বক) রয়েছে।”

প্রায় পনেরশ’ থেকে ২ হাজার ফুট গভীরতায় ৪টি স্তরে ১-৩ ফুট পুরুত্বে এই ম্যাগনেটিক মিনারেলের অবস্থান রয়েছে। এটির গুণগতমান হেমাটাইট জাতীয় লোহার চেয়ে উন্নত। এছাড়াও প্রায় বারশ’ ফুট গভীরতায় উন্নতমানের চুনাপাথর পাওয়া গেছে, যা একটি ব্যতিক্রমী ঘটনা বলে মনে করেন সবুজ।

ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (ড্রিলিং) প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এ এলাকায় জরিপ হয়। জরিপ প্রতিবেদনের ভিত্তিতে গত ২২ মার্চ থেকে কূপ খনন কাজ শুরু হয়েছে।

“এখানে পাওয়া খনিজ পদার্থ পরীক্ষা-নিরীক্ষার জন্য জিএসবি গবেষণাগারে পাঠানো হয়েছে এবং ২৭ মে খনন কাজ সমাপ্ত করা হয়েছে।”

খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহারের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নিবে বলে জানান প্রকৌশলী মিনহাজুল।