২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় দলের সঙ্গে বসেছেন খালেদা

সংসদে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার বিকাল ৪টা ২৫ মিনিট সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের এই সভা শুরু হয়।

বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুজন ছাড়া বিএনপির সংসদীয় দলের সবাই উপস্থিত আছেন এ সভায়।

খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠকে বিএনপির সাংসদরা ছাড়াও ১৮ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ এবং জামায়াতে ইসলামীর আ ন ম শামশুল ইসলাম ও এ এইচ এম হামিদুর রহমান আযাদও উপস্থিত রয়েছেন।

এদের মধ্যে হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

বিএনপির সদস্যদের মধ্যে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, এ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরওয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল মমিন তালুকদার, আবুল খায়ের ভুঁইয়া, নজরুল ইসলাম মঞ্জু, এ বি আশরাফউদ্দিন নিজানসহ ৩৫ জন সদস্য উপস্থিত রয়েছেন।

অনুপস্থিত দুই সাংসদের মধ্যে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী কারাবন্দি। আর কাজী শাহ মোফাজ্জ্বল হোসাইন কায়কোবাদ চিকিৎসার জন্য সৌদি আরবে অস্থান করছেন।

শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংসদ অলি আহমেদও সৌদি আরবে অবস্থান করছেন।

চলতি সংসদে বিএনপিসহ বিরোধী দলের সদস্য সংখ্যা ৪১ জন। এর মধ্যে বিএনপির সদস্য ৩৭ জন, জামায়াতের ২ জন. এলডিপির ১ জন এবং বিজেপির ১ জন।

টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত বিরোধী দলের সদস্যদের পদ রক্ষায় এ অধিবেশনেই সংসদে ফিরতে হবে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।

এর আগে ৮৩ কর্ম দিবস অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ বিএনপি সংসদ  অধিবেশনে যোগ দেয়। এর আগেও টানা অনুপস্থিতির পর ২০১১ সালের ২৪  মার্চ অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলেন তারা।

চলতি নবম সংসদের ৩৭০ কার্যদিবসের মধ্যে এ পর্যন্ত মাত্র ৫৪ দিন সংসদে ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সেই হিসাবে এই সংসদে ৩১৬ কার্যদিবস বর্জন করেছে বিরোধী দল, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।

পুরনো খবর:

‘তত্ত্বাবধায়ক’ ফেরাতে বিএনপির মুলতবি প্রস্তাব