চার গার্মেন্টমালিক আরো ৪ দিনের রিমান্ডে
সাভারের রানা প্লাজা ধসে প্রাণহানির মামলায় চার পোশাক কারখানার মালিককে আরো চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর তাদেরকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করেন।
আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান তাদেরকে চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানিয়েছেন এ আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে একই মামলায় ওই চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আসামিরা হলেন- ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম-ট্যাকের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইথারটেক্সের মালিক আনিসুর রহমান, নিউ ওয়েভ বটমস লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস।
