২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার বছরে কোনো মানুষ অভুক্ত ছিল না’

– বর্তমান সরকারের চার বছরে দেশে কোনো মানুষ না থেয়ে ছিল না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

তিনি বলেন, “গত চার বছরে দেশে কোন লোক অভুক্ত ছিল না। বর্তমান সরকার তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। তার একটি হলো- প্রযোজনীয় খাবার নিশ্চিত করা। আর অন্য দুটি হলো- পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং আয় বৃদ্ধি।”

এসময় বাংলাদেশে চালের দাম বিশ্বের মধ্যে সবচেয়ে কম বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।

রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বর্তমানে একজন শ্রমিক দৈনিক ২৫০ টাকার নিচে মজুরি পায় না দাবি করে তিনি বলেন, চট্টগ্রামে একজন শ্রমিকের আয় আরো বেশি, যা দিয়ে তারা ১০ থেকে ১২ কেজি চাল কিনতে পারে।

চেম্বার মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ বিষয়ে সেমিনারে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেয়ার সময় দেশে দরিদ্রতার হার ছিল ৪১ শতাংশ। তা কমে ২০১০ সালে হয়েছে ৩১ শতাংশ এবং বর্তমানে ২৬ শতাংশ আছে।

রাজ্জাক বলেন, “আমাদের দেশের কৃষকরা খুব কষ্ট করে ধান উৎপাদন করলেও দেশে প্রতিমণ ধান বিক্রি হয় মাত্র ৫২০ থেকে ৫৩০ টাকায়।”

২০১০-২০১১ সালে দেশে ৫২ লাখ টন খাদ্য দ্রব্য আমদানি করা হয়েছিল এবং সাড়ে ১২ লাখ টন চাল খোলা বাজারে বিক্রি হয়েছিল বলে জানান খাদ্যমন্ত্রী।

আগামী বাজেট অধিবেশনে খাদ্য নিরাপত্তা আইন পাশ করার চেষ্টা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সাংসদ আবদুল লতিফ, চট্টগ্রাম ভেটারিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল বারি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান আবদুল মোতালেব।