মামলা অনুমোদন: স্বরাষ্ট্র ও আইন সচিবের ব্যাখ্যা চায় আদালত
সন্ত্রাসবিরোধী আইনে হিযবুত তাহরীরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় চার মাসেও অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত না দেয়ায় দুই সচিবের ব্যখ্যা চেয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আগামী ১৮ জুনের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হিযবুত তাহরীরের লিফলেট ও বই বিতরণের অভিযোগে গত বছরের ১৩ অগাস্ট র্যাব-২ এর ডিএডি মো. দেলোয়ার হোসেন এ মামলা দায়ের করেন। হাফিজ, সুফিয়ান ও জব্বার তখন থেকেই কারাবন্দি।
সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের এবং অভিযোগ গঠনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়।
এ কারণে গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এ কারণেই হাই কোর্ট দুই সচিবের ব্যাখ্যা চেয়েছে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল জানান।
