চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে ৪ পুলিশ আহত
চাঁপাইনবাবগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এরা হলেন এসআই রওশন কবির ও তিন কনস্টেবল। আহত কনস্টেবলদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কেরামত আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে এ হরতালের ডাক দেয় দলটি।
শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে শহরের শিবতলা মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছে রাস্তায় ইট ফেলে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া পুলিশ শিবতলা এলাকা থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে বলে জানান ওসি বজলুর।
আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলে তিনি জানান।
হরতালে ভোর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু হাল্কা যান চলছে।
