২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার খাগড়াছড়িতে হরতাল

পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 07:49 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের জেলা আহ্বায়ক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সংশোধনীর ফলে ভুমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়িদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে। সেই সঙ্গে পাহাড়িদের প্রথাগত ভুমি অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।”

ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করে অবিলম্বে এ খসড়ার সংশোধনী প্রত্যাহারের দাবি জানান মজিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠির অর্ধেক বাঙ্গালীদের বঞ্চিত করে উপজাতিদের স্বার্থ রক্ষায় একতরফাভাবে আইন অনুমোদন করা হলে পার্বত্যাঞ্চলে আবারো অশান্তি সৃষ্টি হবে।

একই দাবিতে ৩০ মে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ করে সংগঠনটি।

গত ২৭ মে মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়।