২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরোধী নেতাদের’ মুক্তির পক্ষে নাসিম

বিরোধী দলের যেসব নেতার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ নেই তাদের মুক্তি দেয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

Image
বিএনপির সঙ্গে সংলাপে লাভ নেই: নাসিম

বিএনপির সঙ্গে সংলাপে লাভ নেই: নাসিম

শুক্রবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের ছেড়ে দিতে অসুবিধা কোথায়?”

বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, “নৈরাজ্যের পথ পরিহার করে সংসদে এসে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিন।আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেরিয়ে আসবে। কোনো অজুহাতে সংসদ ত্যাগ করবেন না। এমন সুযোগ আর আসবে না।”

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য মনে করেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করা হচ্ছে।

ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, নির্বাচনে ধর্মের ব্যবহারের হতে পারে না।

“বিএনপি জামায়াতের সঙ্গে হেফাজতে ইসলাম যোগ হয়ে এ সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে।”

এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে নাসিম জানান, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান ও খুলনায় তালুকদার আব্দুল খালেককে ১৪ দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, ন্যাপের এনামুল হক, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।