সড়কে দুর্ভোগ হলে কেউ রেহাই পাবে না: মন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে সড়ক ও জনপথ বিভাগের কোনো রাস্তা জনদুর্ভোগের কারণ হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে।
সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার কাউকে ‘রেহাই’ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের সংস্কার কাজ পরিদর্শন করে এসব বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “কোনো অবস্থাতেই যাতে সড়কে যান চলাচল বিঘ্নিত না হয় সেজন্য বর্তমানে সড়কে কোন নতুন কাজ না করে ফাটল ও গর্ত ভরাটের কাজ করা হচ্ছে।”
তিনি বলেন, চট্টগ্রাম-হাটহাজারী সড়কে ইতোমধ্যে ১০ কোটি ৬০ লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে। তারপরেও ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করতে হবে।
এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী বলেন, এ সড়কের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাঙামাটির সংযোগ রয়েছে। তাই সড়কটি প্রশস্ত করার পাশাপাশি ওভারলেয়িং করা দরকার।
আপাতত সড়কে গর্ত ভরাট ও ফাটল মেরামতের দিকে নজর দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বাজেটে এ সড়কের জন্য বরাদ্ধ থাকবে।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
