বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এক হেফাজতে ইসলাম নেতার বক্তব্যের বিষয়ে মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।
সম্প্রতি নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী এজেন্ট মহানগর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ।
রিটার্নিং অফিসারের পাঠানো এই নোটিশের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে।
রিটার্নিং অফিসার ও উপ-নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার বলেন, নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী এজেন্ট নওশের আলীর আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিকালে এ নোটিশ ইস্যু করা হয়েছে।
তিনি বলেন, বুধবার এক সংবাদ সম্মেলনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে হেফাজতে ইসলাম নেতা মাওলানা আব্দুস সামাদ বক্তব্য দেন।
ওই সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলও উপস্থিত ছিলেন।
এই নির্বাচন কর্মকর্তা বলেন, হেফাজতের ওই নেতার বক্তব্যে নির্বাচনী আচারণবিধি লংঘন হয়েছে।
কারণ দর্শানোর একটি নোটিশ পেয়েছেন জানিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ওই বক্তব্য আব্দুস সামাদের ব্যক্তিগত। ওই বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
নিধারিত সময়ের মধ্যেই তিনি নোটিশের জবাব দেবেন বলে জানান।
বুধবার বুলবুলকে সমর্থন জানাতে জেলা ১৮ দলের সংবাদ সম্মেলনে যোগ দেন মহানগর হেফাজতে ইসলামের এই নেতা।
সেখানে আব্দুস সামাদ প্রথমে বক্তব্য দেন এবং পরে দেয়া পড়েন।
এ সময় তিনি বলেন- ইয়া আল্লাহ! ইসলামের এই শত্রু লিটনকে তুমি ধ্বংস করে দাও। আর ইসলামের পক্ষের জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচনে বিজয়ী করে দাও।
