মুন্সীগঞ্জে হামলায় যুবক নিহত
জমি নিয়ে বিরোধে হামলায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হন তার তিন ভাইসহ ছয়জন।
শুক্রবার ষোলঘর গোয়ালপাড়ায় এ ঘটনায় নিহত আব্দুল কুদ্দুস (৩১) উপজেলার আরদিপাড়া কোন্দনপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
নিহতের দুভাই আব্দুল জলিল (৪০) ও আব্দুর রবকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ভাই ফজল হক (৪৮) ও ফজল হকের ছেলে নাইমকে (২২) মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষে প্রতিপক্ষের একজনও আহত হন। তবে তার নাম পুলিশ জানাতে পারেনি।
এই ঘটনার পর বিকালে এলাকাবাসী শ্রীনগর থানা ঘেরাও করে। পরে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা ফিরে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, শ্রীনগর বাজারের ফল ব্যবসায়ী এই তিন ভাই বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে হামলার শিকার হন।
এরপর তাদের পক্ষের লোকজনও এসে গেলে সংর্ঘষ বেধে যায়।
হামলাকারীরা চাপাতি ও রাম দা দিয়ে তাদের তিন ভাইকে কুপিয়ে মারাত্মকভাবে আহত হরে।
তিনজনকেই প্রথমে ঢাকায় মিটফোর্ড হাসাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে আব্দুল কুদ্দুস মারা যান।
পুলিশ কর্মকর্তা জাকির হোসেন মজুমদার আরো বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
