২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে গেলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান

অবসরের আগে শেষ কর্মদিবসে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিলেন আপিল বিভাগের বিচারক ছিদ্দিকুর রহমান মিয়া, যিনি আপিল বিভাগে যুদ্ধাপরাধের মামলা শুনানির বেঞ্চেও ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

নিয়ম অনুযায়ী, আগামী ১ জুন অবসরের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে তার। তবে সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবারই ছিল বিচারালয়ে তার শেষ কর্মদিবস।

আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষের কার্যতালিকায় থাকা মামলাগুলোর স্বভাবিক শুনানির পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আইনজীবীরা বিচারপতি ছিদ্দিকুর রহমানকে বিদায় সম্ভাষণ জানান। তাকে উদ্দেশ্য করে বিদায়ী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী।

বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে। রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং পাবলিক অ্যাডমিনেস্ট্রেশন ও রাষ্ট্রবিজ্ঞানে আলাদাভাবে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন।

১৯৭৬ সালের ১ জানুয়ারি তিনি মুন্সেফ হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পান। বিভিন্ন বিষয়ে তিনি শতাধিক বই লিখেছেন।

২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান ছিদ্দিকুর রহমান। স্থায়ী নিয়োগ পান ২০০৪ সালের ২৯ জুলাই। একাত্তর সালের মুক্তিযুদ্ধেও তিনি অংশ নেন।

চারদলীয় জোট সরকারের আমলে হাই কোর্টে নিয়োগ পাওয়া এই বিচারক গত ২৮ মার্চ অন্য তিন বিচারকসহ আপিল বিভাগে নিয়োগ পান। ৩১ মার্চ শপথ নিয়ে ওইদিন থেকিই তিনি কাজ শুরু করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মামলায় উভয় পক্ষের আপিল শুনানির বেঞ্চে সদস্য ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান। তিনি অবসরে যাওয়ায় এ বেঞ্চের সদস্য দাঁড়াল পাঁচ জনে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আপিল শুনানিতে আইনে উল্লেখিত ৬০ দিনের সময়সীমা মানা হলে তার অবসরের আগেই কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের নিষ্পত্তি হতো।