২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঠেকাতে ক্ষতিপূরণ আইনের চিন্তা চলছে: মন্ত্রী

হরতালে নৈরাজ্য ঠেকাতে ক্ষতিপূরণ আইন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “হরতালের নামে নৈরাজ্য ও জনগণের সম্পদের ক্ষতি করা হচ্ছে। মালয়শিয়ায় হরতালের ক্ষতিপূরণ বিষয়ে আইন আছে। আমাদের দেশেও এ ধরণের আইন করার চিন্তা-ভাবনা চলছে।”

দেশে ‘তুচ্ছ ঘটনা’ নিয়ে হরতাল হয় মন্তব্য করে মন্ত্রী বলেন, “মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু দেশের স্বার্থে হরতাল করে গেছেন। এখন ছোট ও কোনো তুচ্ছ বিষয় নিয়ে হরতাল দেয়া হয়।”

এ ধরনের হরতাল দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের গ্রেপ্তার নেতাদের সম্পর্কে মহীউদ্দীন বলেন, “তারা বিরোধী দলের নেতা হিসেবে গ্রেপ্তার হননি, ফৌজদারি অপরাধী হিসেবে গ্রেপ্তার আছেন।”

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক এ সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য এম এ লতিফ, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, ডিআইজি নওশের আলী ও চেম্বারের সাবেক সভাপতি শফিউর রহমান বক্তব্য দেন।

বর্তমান সরকারের আমলে বিএনপিসহ বিরোধী দলীয় জোট প্রায় ৪০ দিনের মতো হরতাল করেছে। এছাড়াও হেফাজতে ইসলাম, বিভিন্ন বাম দলসহ আরো কয়েকটি সংগঠনও বেশ কয়েকদিন হরতাল করেছে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবছরের শুরু থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত সময়ে হরতালের ক্ষতি বিষয়ে এক হিসাবে দেখিয়েছেন, আড়াই মাসে ৯৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৫৯৮টি গাড়ি ভাংচুর হয়েছে। যাতে শুধু পরিবহন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৫৫ লাখ টাকা।

এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান এক গবেষণার বরাত দিয়ে সম্প্রতি জানান, একদিনের হরতালে দেশের অর্থনীতির ক্ষতির পরিমাণ ১৬০০ কোটি টাকা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও অর্থনৈতিক ক্ষতি ঠেকাতে হরতালবিরোধী আইন করার দাবি এসেছে।